কারিনা ধোঁকা দিলেন সোনমকে!
বাস্তবে কারিনা কাপুর খান আর সোনম কাপুর ভালো বন্ধু। এবার পর্দায় তাঁদের বন্ধুত্ব দেখা যাবে ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে। আর বন্ধু সোনমকে প্রকাশ্যে ধোঁকা দিলেন কারিনা।
গতকাল বুধবার মুম্বাইয়ের জুহুর এক মাল্টিপ্লেক্সে সাংবাদিকদের সামনে মুক্তি পেয়েছে কারিনার ‘কামব্যাক’ ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর ট্রেলার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির চার নায়িকা কারিনা কাপুর খান, সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। চারটি মেয়ের গল্প। এই চার কন্যার প্রেম, যৌনতা, সম্পর্ক, বিয়ে ও বন্ধুত্ব নিয়ে গল্প বোনা হয়েছে। আড়াই মিনিটের ট্রেলারে ছবির চার নায়িকার মুখে গালাগালিও শোনা গেছে। পর্দায় সাহসী হয়ে উঠতে দেখা গেছে এই চার বন্ধুকে।
অনুষ্ঠানে ছবির থেকে বেশি ঘুরেফিরে এসেছে সোনম কাপুরের বিয়ের প্রসঙ্গ। বলিউডে জোর খবর, আগামী ৭ মে সোনম তাঁর অনেক দিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করছেন। কারিনাকে প্রশ্ন করা হয়, ‘শাদি’ বলতে তাঁর মাথায় প্রথম কী আসে? জবাবে মুচকি হেসে কারিনা বলেন, ‘সোনমের কথা।’ আর সোনম বলেন, ‘বন্ধু এমনই হওয়া উচিত!’
সোনমের মাথায় বিয়ে বলতে কী আসে? এই বলিউড সুন্দরী বলেন, ‘আমার মনে হয়, যার বিয়ে, তার যতটা না মজা হয়, আত্মীয়স্বজন, বন্ধুরা আরও বেশি উপভোগ করেন। আমার দুই ভাই মোহিত আর অক্ষয়ের বিয়ে হয়ে গেছে। ওদের বিয়েতে আমরা সবাই মিলে খুব মজা করেছি। প্রচুর খাওয়াদাওয়া করেছি।’
সোনমকে যতবার বিয়ের কথা জিজ্ঞেস করা হয়, ততবারই তিনি এড়িয়ে যান। সাফ বলেন, ‘আমরা আজ “ভিরে দি ওয়েডিং” ছবির কথা বলব। অন্য কোনো বিষয়ে কথা বলব না। এ বিষয়ে কথা বলার জন্য এটা সঠিক সময় নয়। আমার সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক চিরকালই ভালো। আমি নিশ্চয় জানাব আপনাদের।’
স্বরা ভাস্কর বলেন, ‘এই ছবিটা করা সার্থক, কারণ আমি এখানে কারিনাকে স্পর্শ করতে পেরেছি।’ আর কারিনা বলেন, ‘আমার স্বামী সাইফ আলী খানের কাছে কৃতজ্ঞ, কারণ ও আমাকে শরীরচর্চার জন্য জোর করেছে। তাই আজ আমি সব নারীর কাছে উদাহরণ হতে পেরেছি।’
স্বরা মজা করে বলেন, ‘আমি যখন ডায়েটে, তখন কারিনা, সোনমরা পেট পুরে খেত। আমি একবার লুকিয়ে ম্যাগি খাচ্ছি। সত্যবাদী যুধিষ্ঠির (কারিনাকে দেখিয়ে) তা ছবির প্রযোজক রিয়া কাপুরকে জানিয়ে দেন।’ এ প্রসঙ্গে সোনম বলেন, ‘আমরা সব সময় খাওয়াদাওয়ার মধ্যে থাকতাম। ব্রেকফাস্ট টেবিলে বসে লাঞ্চের কথা বলতাম। লাঞ্চের সময় ডিনারের কথা। আবার ডিনারের সময় পরের দিনের ব্রেকফাস্টে কী খাব, তা নিয়ে কথা বলতাম। কাপুররা সব সময় খাওয়াদাওয়ার মধ্যে থাকতে ভালোবাসে।’
কারিনার বিয়ের পর কাজ করা প্রসঙ্গে সোনম বলেন, ‘বিয়ের পর মেয়েরা আবার কাজ করবেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। ছেলেদের কেউ তো এই প্রশ্ন করে না! শহীদের বিয়ের পর তাঁকে কেউ এই প্রশ্ন করেনি।’
শশাঙ্ক ঘোষ পরিচালিত বহুপ্রতীক্ষিত ছবি ‘ভিরে দি ওয়েডিং’ মুক্তি পাবে আগামী ১ জুন।
কারিনা ধোঁকা দিলেন সোনমকে!
Reviewed by Banglamasti03
on
April 26, 2018
Rating: 5
Reviewed by Banglamasti03
on
April 26, 2018
Rating: 5


No comments